প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার আগেই জনগণ রাজপথে নেমে তার এই প্রবণতা রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার, গুম প্রতিরোধ, এসআরবি ও সাইবার আইনে সংশোধন এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়।’
বিরোধী মত দমনের অভিযোগ তুলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গাজী সালাউদ্দিন তানভীর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। গাজীপুরের সিফাতের বিরুদ্ধেও একই আইনে মামলা দেওয়ার সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক।
তিনি প্রশ্ন করেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করা কি সন্ত্রাস?’
গুমবিরোধী আইনের প্রস্তাবিত বিধান নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার দাবি, কোনো ব্যক্তি গুমের অভিযোগ করার পর সেটি ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির মুখোমুখি হতে হবে—এমন বিধান থাকলে মানুষ অভিযোগ করতে নিরুৎসাহিত হবে।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকালে গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ও জাতিসংঘের তদন্ত দাবি করেছিল। এখন সরকারিভাবে একটি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অন্য একটি বাহিনী দিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইনের সংশোধনের নামে কোনোভাবেই নাগরিকের মতপ্রকাশের অধিকার হরণ করা যাবে না।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দুদক পুনর্গঠন না করে বিরোধী দল ও এনসিপিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এ সময় ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের দুর্নীতির অভিযোগগুলোও তদন্ত করা উচিত।
সরকার মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না দাবি করে নাহিদ ইসলাম বলেন, নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে তারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। কিন্তু এখনো দেশের মানুষের সেই মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি বলে তিনি দাবি করেন।
মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।