প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:০০ পি.এম
মিরপুরে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে ভাঙচুর-আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সিটি করপোরেশনের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।
হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা।
পরে তারা সিটি করপোরেশনের দুইটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যায়। এর মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, হোপ মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2026 tigerexpress24.com. All rights reserved.