অনলাইনে বিবাহ নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মাধ্যমে তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধে সহায়তা পাওয়া যাবে।
শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহের তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। কেন্দ্রীয় তথ্যের সঙ্গে নিবন্ধন যুক্ত হলে বৈবাহিক অবস্থাও যাচাই করা যাবে।
তিনি জানান, দেশের সব কাজীকে পর্যায়ক্রমে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে দেশের যেকোনো স্থান থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার প্রবণতা কমাতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।