• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
স্বাস্থ্যের জন্যে উপকারী ‘কালো দুধ’ নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২৫ জন ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন ইশরাকের পদত্যাগের পর স্ত্রী নুসরাতের ফেসবুক পোস্ট ভাইরাল গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম : রাষ্ট্রপতি নবমীতে অশুভ শক্তি থেকে মুক্তি, বাজবে বিদায়ের সুর যাত্রীদের লাইভ লাগেজ মনিটরিং কার্যক্রম পরিদর্শনে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস কাজ করছে – নারায়ণগঞ্জে আইজিপি দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

প্রবাসী বিনিয়োগে পর্যটন-চা খাত এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে দেশের পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সিলেটে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে আরও উন্নতির সুযোগ রয়েছে। প্রবাসীরা পর্যটন খাতে বিনিয়োগ করলে এ খাত আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, সিলেটের চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগ আরও বাড়লে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

দেশের গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্রকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে অভিন্ন ইস্যুতে ঐকমত্যে পৌঁছে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, তিনি দল নিরপেক্ষ হয়ে কাজ করার শপথ নিয়েছেন। দল, মত ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বিকেল সাড়ে ৩টায় নগরভবন প্রাঙ্গণে তাঁর সম্মানে নাগরিক সংবর্ধনা শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নগরভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে সিলেট মহানগর বিএনপি। মহানগর বিএনপির কোনো নেতা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি।

মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, সংবর্ধনা আয়োজনের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং মহানগর বিএনপির নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া রাষ্ট্রপতির মাজার জিয়ারতের সময় মহানগর বিএনপির নেতাদের জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, সেটির মাজার এলাকায় প্রবেশের পাস না থাকায় নিরাপত্তাবাহিনী গাড়িটি মূল সড়কে আটকে দেয় বলে জানান নেতারা। পরে দলের সিনিয়র নেতাদের হেঁটে মাজারে যেতে হয়।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, নানা কারণে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। কারণগুলো এখনই তিনি বলতে চাননি। তবে সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বাকি সব অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতারা অংশ নিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category