পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়, অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
তবে কি কারণে তাকে সংযুক্ত করা হয়েছে সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয়- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ওই বাড়িতে (পুলিশ হাউজিং-১) অভিযান চালায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে সেখান থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
মো. শফিকুল ইসলাম বলেন, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসা। তিনি বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ ও কনডম জব্দ করা হয়েছে। ইয়াবাসেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে একজন কো-হোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলম আটক আছেন।