গাড়ি-সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. মিরাজ (৩০), সুজন হোসেন (৩৫), মো. হারুন (৩০) ও রাসেল হক (৩১)।বুধবার (৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
তিনি জানান, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যদের নজরে দালাল চক্রের এক সদস্যের সন্দেহজনক কার্যক্রম আসে। পরে বিষয়টি বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানকে জানানো হলে তার উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও জানান, অভিযান শেষে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে আনসার শাহ ইমরান, আনসার পবিত্র সিংহ চন্দ্র, আনসার মানিক মিয়া, আনসার রোকনুজ্জামান, আনসার মতিয়ার ও আনসার রাজু আহমেদ দায়িত্ব পালন করেন। দালালমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।