বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট ডেকে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন। ওই সময় তাঁর সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।
বিভিন্ন দাবিদাওয়া ও হয়রানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) দেশব্যাপী দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আর এই ধর্মঘটের প্রেক্ষক্ষটেই সরকারের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের কথা জানানো হলো। উল্লেখ্য, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সরকারের রয়েছে।
বৈঠকে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বে এই জ্বালানি খাতটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আজকের যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি সংকট চলছে এবং প্রাইসের কোনো ঠিকঠিকানা নেই। প্রাইস ওঠানামা করতেছে, সবসময় পড়ছে।’
তিনি আরও বলেন, ‘এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, তাছাড়া কোনো সোর্স ঠিক নেই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে, যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা করছি।’
ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক দেওয়ার কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই (পণ্য) নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, সেই আইন আমরা প্রয়োগ করব। কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।’
সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের আস্থা নিয়ে আমরা সরকারে এসেছি, আমাদের দায়িত্ব দিয়েছে। জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখবো।’
ধর্মঘটের মতো কঠোর পথ পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে আলোচনার মাধ্যমে সমস্যার যৌক্তিক সমাধানে আসার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।’