বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি ভোটে জিতেছি, তার মধ্যে বেশির ভাগই ভোট ছিল হিন্দু সম্প্রদায়ের ভোট। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার দলে এসেছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আমরা গত ৭ মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তারা তা করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করবো, একটা সরকার প্রধান পূজামণ্ডপে ঘুরে বেড়াবেন। বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।
টুকু বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।